জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এই বক্তব্যকে “১৮০ ডিগ্রি এঙ্গেলের অবস্থান পরিবর্তন” উল্লেখ করে ছাত্রশিবিরের এক নেতা দাবি করেছেন—এটি প্রমাণ করে জামায়াতে ইসলামী এখন ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরের সাবেক প্রচার সম্পাদক প্রকৌশলী সাজ্জাদুর রহমান।
তিনি বলেন, “জামায়াত আজ এদেশের মানুষের আস্থার প্রতিকে পরিণত হয়েছে। যে কারণে আওয়ামী লীগের পুরোনো বয়ান তুলে এনে জামায়াতকে খায়েল করার চেষ্টা করছেন তারেক রহমানও। রাজনৈতিক বাস্তবতা বুঝলেই বোঝা যায়—যে দল বাস্তবে হুমকি হয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধেই তিনদিক থেকে বয়ান তৈরি হয়।”
সাজ্জাদুর রহমান দাবি করেন, রাজনৈতিক অঙ্গনে জামায়াতের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা বিএনপির ওপরও চাপ সৃষ্টি করছে, যা তাদের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে—যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, তারা শেষ পর্যন্ত টিকতে পারেনি। “যুগে যুগে ইসলামি আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, অপপ্রচার হয়েছে। কিন্তু জনগণের সমর্থন থাকলে কোনো শক্তিই আন্দোলনকে দমাতে পারেনি,” মন্তব্য করেন তিনি।
সাজ্জাদুর রহমান অভিযোগ করেন, জাতীয় রাজনীতিতে জামায়াতের অবস্থান ক্রমশ শক্তিশালী হওয়ায় সরকার ও বিরোধী উভয় পক্ষই নতুন দৃষ্টিকোণ থেকে কৌশল সাজাচ্ছে। তাঁর দাবি, “জনগণের সমর্থন যখন একটি দিকে যায়, তখনই সেই শক্তির বিরুদ্ধে গুজব, বিভ্রান্তি ও বয়ান চালু হয়। আজ জামায়াতকে কেন্দ্র করে যে সমালোচনা হচ্ছে, তা তাদের জনপ্রিয়তারই প্রমাণ।”
তিনি আরও বলেন, ভবিষ্যত রাজনীতিতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কোনো ষড়যন্ত্রেই জনগণের আস্থা ভেঙে দেওয়া যাবে না।