সুনামগঞ্জ–২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির দাবি করেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই তার নামে মামলা করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) মামলার খবর প্রকাশের পর সামাজিকমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, “আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আমার নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য, এবং প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দলের কর্মী।
আইনগত প্রতিকার চাইবার অধিকার সবার আছে, তবে মামলার বিবরণ পড়ে মনে হয়েছে যে, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই আমার সহকর্মী আইনজীবীরা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।”
তিনি আরও বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।
প্রসঙ্গত, আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়েরের পর আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন।