কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর নেতৃত্বে দীর্ঘ ১৬–১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে, আর জনগণের এই স্বীকৃতিতেই বেগম জিয়া আবারও ‘গণতন্ত্রের মা’ উপাধিতে ভূষিত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) চকরিয়ার হারবাং ইউনিয়নে গণসংযোগ শেষে একাধিক পথসভায় তিনি এসব কথা বলেন। সকালে পেকুয়ার নিজ বাড়ি থেকে বের হয়ে ষষ্ঠ দিনের মতো নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন তিনি। প্রতিটি এলাকায় তাকে এক নজর দেখার জন্য জনতার ভিড় উপচে পড়ে, যা নির্বাচনী মাঠে উৎসাহ-উদ্দীপনার নতুন মাত্রা যোগ করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বাধীন রাজনৈতিক চর্চার ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের যাত্রাকে এগিয়ে নিয়ে গেছেন বলিষ্ঠ নেতৃত্বে। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তাঁর আপোষহীন অবস্থানের কারণেই জনগণ তাঁকে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করেছিল।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করাই হবে সরকারের প্রথম প্রকল্প। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পুরোপুরি চালু হলে এই সড়ক উন্নয়ন হবে সময়ের অপরিহার্য দাবি।
পথসভাগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হকসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিটি সভায় সালাহউদ্দিন আহমদ জনগণের সক্রিয় অংশগ্রহণকে বিএনপির প্রতি আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।