বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
জানা গেছে, খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা কার্যক্রমে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন জুবাইদা রহমান। বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও তিনি সরাসরি চিকিৎসা কার্যক্রমে যুক্ত। তার উপস্থিতি ও সিদ্ধান্তগুলো চিকিৎসা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে তিনি প্রথমেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান শাশুড়ির শারীরিক অবস্থা জানতে। এরপর থেকে তিনি ধানমন্ডির পারিবারিক বাসা মাহবুব ভবন ও হাসপাতালের মধ্যে নিয়মিত আসা-যাওয়া করছেন। রাতে বাসায় থাকলেও সিসিইউতে থাকা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন তিনি।
গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন জুবাইদা রহমান।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সিদ্ধান্তগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে। এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনায় অংশ নিচ্ছেন।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের বিষয়ে মেডিকেল বোর্ড বলেছে, তার বর্তমান শারীরিক অবস্থা এখনো বিমানযাত্রার ধকল সহ্য করার মতো স্থিতিশীল নয়। তাই বিদেশে নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে, চিকিৎসার গুরুত্বপূর্ণ পর্যায়ে আবারও হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসা সমন্বয়ে সক্রিয় ভূমিকা রাখছেন ডা. জুবাইদা রহমান।