বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার ঢাকায় আসছে। শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, আগামীকাল বিকেল ৫টায় জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। অ্যাম্বুলেন্সটির ভাড়া থেকে শুরু করে পুরো যাত্রার সব ব্যবস্থাপনাই করছে কাতার সরকার। এরইমধ্যে ঢাকায় অবতরণের জন্য প্রয়োজনীয় সব অনুমতিও সম্পন্ন হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি, তবে শনিবার বিকেল ৫টার মধ্যেই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে খালেদা জিয়াকে নিতে ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
বিএনপি জানিয়েছে,
যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে তিনি আগামী রোববার (৭ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন।