আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে দেশের উন্নয়ন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের পেকুয়ার কোনাখালী এলাকায় টানা চতুর্থ দিনের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
এসময় স্থানীয় জনতার উদ্দেশে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ, বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।” তিনি আরও আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং পুরো এলাকায় শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।
কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি গত ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মাঠে প্রচারণা শুরু করেন। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ, পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তাঁর প্রচারণায় এলাকাবাসীর অংশগ্রহণ বাড়ছে বলেও জানা গেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান এবং নিরাপত্তা সংকটময় অবস্থায় রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সংকটগুলো নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দাবি করেন যে, বিএনপির উন্নয়ন পরিকল্পনায় অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার, শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যখাতকে আধুনিকায়নের মতো বাস্তবসম্মত উদ্যোগ রয়েছে।
প্রচারণার পাঁচ দিনের সফর শেষে তিনি আগামী ৭ ডিসেম্বর ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব ছফওয়ানুল করিম। নির্বাচনী এলাকায় তাঁর এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা নতুন উদ্দীপনা অনুভব করছেন।