বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। লন্ডন থেকে ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি ধানমন্ডিতে মায়ের বাসায় যাওয়ার উদ্দেশে রওনা হন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ তাকে এভারকেয়ার হাসপাতালে দেখা যায়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি–৩০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডন থেকে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায়ই তিনি দেশে ফেরার উদ্দেশে রওনা হন।
পারিবারিক সূত্র বলছে, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে এবং কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্যই তিনি মায়ের বাসায় অবস্থান করবেন।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় পৌঁছানোর কথা ছিল, সেটি কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। ফলে বিদেশে নেওয়ার পুরো প্রক্রিয়ায় সামান্য বিলম্ব ঘটবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব ঠিক থাকলে শনিবার কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
তিনি আরও বলেন, ‘যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।’