বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কাছ থেকে দেখে এবার তিনি মায়ের ধানমন্ডির বাসার উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছু আগে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে সকাল পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দেন।
জানা গেছে, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে ডা. জুবাইদা ধানমন্ডিতে তার মা ইকবাল মান্দ বানুর বাসায় কিছু সময় বিশ্রাম নেবেন। এদিকে কারিগরি ত্রুটির কারণে আজ ঢাকায় পৌঁছাতে পারেনি কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, ফলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছে বিএনপি।
সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন,
“ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাল্লাহ রবিবার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।”