বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দেশে ফিরবেন। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে বিকেলে ফেসবুক পোস্টে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে পুরো চিকিৎসা প্রক্রিয়ার সমন্বয় করে আসছেন। তিনি বৃহস্পতিবারই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন, যাতে শুক্রবার সকালে পৌঁছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় তাঁর সাথে থাকতে পারেন।
ফেসবুক পোস্টে মাহদী আমিন লিখেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, দেশবাসীর অবিচ্ছিন্ন দোয়া এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুতই লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে।”
তিনি আরও লিখেছেন, “এই চিকিৎসা-ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জুবাইদা রহমান। লন্ডন থেকে তিনি মেডিকেল বোর্ড, বিশেষায়িত হাসপাতাল, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতি—সবকিছুই নিয়মিত সমন্বয় করছেন। তাঁর উপস্থিতির জন্যই চিকিৎসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।”
তবে ডা. জুবাইদা ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগেই যদি এয়ার অ্যাম্বুলেন্সের সময় এগিয়ে আসে, সে ক্ষেত্রে বিকল্প প্রস্তুতি হিসেবে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। একই সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে যাবেন পুত্রবধূ সামিলা রহমান, কয়েকজন চিকিৎসক এবং দলের কর্মকর্তারা।
মাহদী আমিন আরো উল্লেখ করেন, “সম্পূর্ণ প্রক্রিয়াটি তারেক রহমান নিজে তদারকি করছেন। তিনি শুধু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন; তিনি শহীদ জিয়া ও আপসহীন নেত্রীর আদর্শের ধারক। দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকেই তিনি লন্ডন থেকে প্রতিটি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন।”
ডা. জুবাইদা দেশে ফিরলে খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও সমন্বিতভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন নেতারা।