বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির অভিভাবকের দায়িত্ব পালন করবেন মন্তব্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, জনগণেরও অভিভাবক। খালেদা জিয়ার জন্য দেশের মানুষ ঘরে ঘরে, মসজিদে মসজিদে দোয়া করছেন—এটাই জনগণের ভালোবাসার স্বাভাবিক প্রকাশ।”
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সমাজকল্যাণ ফোরামের আয়োজনে জেলা শহরের একটি রেস্টুরেন্টে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, ছাত্র-যুব সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে রাশেদ খান বলেন, “দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং ভোটের স্বাধীনতার জন্য নিরলস লড়াই করেছেন। আজ তিনি অসুস্থ, তাই জাতি তাঁর সুস্থতার জন্য ঐক্যবদ্ধভাবে দোয়া করছে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়—এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই গুরুত্বপূর্ণ সময়ে খালেদা জিয়ার অভিজ্ঞতা, নেতৃত্ব ও দূরদর্শিতা জাতির জন্য অপরিহার্য। আমরা বিশ্বাস করি, তিনি শিগগিরই সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে ফিরবেন।”
দোয়া মাহফিলে বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতন সত্ত্বেও তিনি জনগণের পাশে থেকেছেন এবং দেশের জন্য আপসহীন অবস্থান গ্রহণ করেছেন।
এ সময় উপস্থিত সবাই খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে গণঅধিকার পরিষন নেতারা দেশবাসীর উদ্দেশে বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে নেত্রীর সুস্থতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।