জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “মা-খালাদের নিয়ে ৫০০ ভোট পাওয়ার জন্য মাঠে নেমেছি। মা-খালারা যদি চান, ৫০০ নয় ৪ লাখ ভোট পেয়ে সংসদে যাব ইনশাআল্লাহ। নিচু বংশের মানুষকে নিয়ে সংসদে যাব।” বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুড় এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি যদি ১০টা ভোট পাই, এই ১০টা ভোট নিয়েই কাজ করব। যে-ই পাস করুক, তার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করতে চাই। রাজনীতি দুই দিনের, আজ মরলে কাল শেষ। মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য।”
প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “দেবিদ্বারে আমার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় কেউ কেউ বাড়িতে গিয়ে মানুষকে হুমকি দিচ্ছে। ফোনে ভয় দেখাচ্ছে। ভয় তারা-ই দেখায়, যারা নিজেরাই ভয়ে থাকে। আমরা সম্পর্ক নষ্ট করতে চাই না। মা-বোনরাই নির্ধারণ করবেন আগামী দিনে কে সংসদে যাবে।”
তিনি জানান, স্থানীয়ভাবে অনেক নেতার পরিবার, এমনকি নেতাদের স্ত্রী ও সন্তানরাও এখন তাঁর পক্ষে প্রচারণায় নেমেছেন। এতে নির্বাচনী মাঠে এনসিপির অবস্থান আরও শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।
আগামী নির্বাচনকে ঘিরে ভোটারদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার টাকা নেই, এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আগামী নির্বাচনে কোনো এজেন্ট লাগবেও না। আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। আমি শুধু মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।