বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছিল কাতার সরকার, সেই বিমানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে তার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে বলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতের দিকে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এর আগে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে তাঁকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে যাবেন ১৪ সদস্যের বিশেষজ্ঞ দল।
সরকারের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছিল। কাতারের আমিরও লন্ডনে চিকিৎসার পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে বিমানে ত্রুটি দেখা দেওয়ায় সময় বদলে যেতে পারে এবং যাত্রা শুক্রবার সকাল ১০টার পরেও গড়াতে পারে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর ফ্লাইট ছেড়ে গেছে। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। ফলে খালেদা জিয়ার যাত্রা এ সময়ের সাথে সমন্বয় করতেও কিছুটা অপেক্ষা করতে হতে পারে।
বিএনপি নিশ্চিত করেছে, খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ১৪ জন সফরসঙ্গী, যার মধ্যে রয়েছেন তাঁর পুত্রবধূ সায়দা শামীলা রহমান, দলের কর্মকর্তা মো. আব্দুল হাই মল্লিক, ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানসহ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। চিকিৎসক হিসেবে যাবেন ডা. জাহিদ হোসেন, ডা. আনামুল হক চৌধুরী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. ফখরুদ্দিন সিদ্দিকী, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. আল মামুন।
গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা শিকদারও সফরসঙ্গী তালিকায় রাখা হয়েছে। বিমানবন্দরে এসএসএফ সদস্যরা ইতোমধ্যে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছেন।