আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় নজরকাড়া একটি ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে—একই পরিবারের দুই ভাই দুইটি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, আর টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও যুবদল–ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঘোষিত আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকা প্রকাশের পরই টাঙ্গাইলে দুই ভাইয়ের একযোগে নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে।
টাঙ্গাইল জেলার মোট ৮টি আসনের মধ্যে প্রথম দফায় ৭টিতে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনটি ফাঁকা থাকায় স্থানীয় নেতাকর্মীরা বিশেষ করে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা অপেক্ষায় ছিলেন। আজকের ঘোষণার মাধ্যমে সেই উৎকণ্ঠার অবসান হলো।
দলীয় সূত্র জানায়, ছাত্রদল–যুবদলের নেতৃত্ব থেকে উঠে এসে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টুকুর নাম ছিল ব্যাপক আলোচনায়। অন্যদিকে, অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আব্দুস সালাম পিন্টুর মনোনয়ন প্রত্যাশিতই ছিল।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। পরবর্তীতে দলীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে কয়েক দফায় মনোনয়ন তালিকা হালনাগাদ করা হচ্ছে।
টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন বলছে, দুই ভাইয়ের একসঙ্গে মনোনয়ন পাওয়া স্থানীয় বিএনপিকে যেমন উজ্জীবিত করেছে, তেমনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।