বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি অভূতপূর্ব দৃশ্য তৈরি করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। দেশের মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।”
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে এবং তার ওপর অন্যায় আচরণ হয়েছে। তবুও তিনি গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে কখনো পিছিয়ে আসেননি। আমিনুল হক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ দল-মত নির্বিশেষে লাখো মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছে—এটি তার জনপ্রিয়তা ও মানুষের আস্থার প্রমাণ।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া মাহফিলের আয়োজন করছে জানিয়ে তিনি বলেন, “মসজিদ–মাদ্রাসা, এতিমখানা, রাজনৈতিক দল—সবখানেই মানুষ খালেদা জিয়ার আরোগ্য কামনা করছে। দেশের মানুষ তাকে ভালোবাসে।”
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা বাতেন। সুরা পাঠ, দুরুদ শরিফ এবং দীর্ঘ মোনাজাতে খালেদা জিয়ার দীর্ঘায়ু, দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম–ওলামা, হাফেজ, সাধারণ জনগণসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। উপস্থিত সকলেই খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে আবারো জনগণের মাঝে ফিরে আসার কামনা ব্যক্ত করেন।