“আপনারা যার প্রতি আস্থা রাখবেন তাকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন—কিন্তু আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি।”—এভাবেই সাধারণ মানুষের প্রতি আবেগী আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি ভোট চাইতে আসি নাই। ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে—সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা রাজমিস্ত্রি। আমি মানুষের সেবা করতে এসেছি, চাঁদাবাজি, ধান্দাবাজি বা লুটপাট করা আমার লক্ষ্য নয়।”
তার বক্তব্যে বিনয় ও মানবিকতার সুর স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
হাসনাত আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা চব্বিশের গণঅভ্যুত্থানের পর আরও তীব্র হয়েছে। তিনি বলেন, “আমি পরিবর্তনের স্লোগান নিয়ে মাঠে নেমেছি। গণঅভ্যুত্থানের পর দেশের সব সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে।”
উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, নতুন রাজনীতি এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়গুলো সামনে রেখে তিনি গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। তার সরল ভাষা, মানবিক অবস্থান এবং মধ্যবিত্ত পটভূমির গল্প অনেকের মনে সহানুভূতি তৈরি করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এর আগে মঙ্গলবার দেবিদ্বারের ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেন। তার বক্তব্য ও জনসংযোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এ সময় স্থানীয় এনসিপি নেতারা তাকে ঘিরে সমর্থন প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।