হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, যিনি শায়েখে চরমোনাই নামে পরিচিত। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় তার এই হাসপাতাল সফর নির্ধারিত হয়েছে।
দলীয় সূত্র জানায়, শায়েখে চরমোনাইয়ের সঙ্গে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তারা খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে কথা বলবেন এবং পরিবারকে সমবেদনা ও সমর্থন জানাবেন।
দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় নজরদারিতে রয়েছেন। তার কিডনি, লিভার এবং অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে বিশেষজ্ঞরা চিকিৎসা করে যাচ্ছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সামাজিক নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনায় হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই শায়েখে চরমোনাইয়ের সফর গুরুত্ব পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এর আগেও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও বিবৃতি দেওয়া হয়েছিল।
নেতারা আশা প্রকাশ করেছেন, আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন। দেশের রাজনৈতিক বিভিন্ন মতপার্থক্যের ঊর্ধ্বে মানবিক কারণেই নেতারা হাসপাতালে গিয়ে তাঁর পাশে দাঁড়াচ্ছেন বলে মন্তব্য করেন তারা।
এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আগের মতোই নিরাপত্তা জোরদার করেছে এবং দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।