বরিশালে আয়োজিত আট দলের বিভাগীয় মহাসমাবেশে চরমোনাই পীরকে দেশের ‘ইসলাম প্রতিষ্ঠার মহাবীর’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার (২ ডিসেম্বর) বরিশাল বেলস পার্কে অনুষ্ঠিত এই সমাবেশে
তিনি বলেন, “আমরা অনেকেই আগে পীর পছন্দ করতাম না। আমিও ছাত্রজীবনে এমনটা ভাবতাম। কিন্তু আজ চরমোনাই পীর সাহেবের পাশে বসে মনে হলো—তিনি শুধু পীর নন, তিনি এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার এক মহাবীর।”
অধ্যাপক মুজিবুর রহমান জানান, ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আট দল ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, “কুরআনে আল্লাহ দুই দলের কথা বলেছেন—হিজবুল্লাহ ও হিজবুশ শয়তান। আমরা আল্লাহর দলের অংশ হতে চাই। মানবরচিত সংবিধান নয়, কুরআনের আইন চালু করতে চাই।” একই সঙ্গে তিনি সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।
একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হলেও তাদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জামায়াতের নায়েবে আমীর আরও বলেন, “আমরা চাই—আগামী নির্বাচনে আট দল বিজয়ী হোক এবং দেশ ইসলামী মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হোক।”
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে মুসলিম–হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান সবাই শান্তিতে ও নিরাপদে বসবাস করবে। কেউ না খেলে কেউ খাবো না—একসাথেই থাকবো আমরা।”
তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশ মুক্তিকামী মানুষের জন্য আশা, আর জালিম–চাঁদাবাজদের জন্য অস্বস্তির কারণ।”
সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ আট দলের শীর্ষ নেতারা। বরিশাল ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক অংশগ্রহণে বেলস পার্ক জনসমুদ্রে পরিণত হয়।