জাতীয় পার্টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যে অবস্থান আছে, ঠিক একই অবস্থান জামায়াত ও বিএনপিকেও নিতে হবে বলে কঠোর মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তিকে কেন্দ্র করে আয়োজিত শুকরানা ও দোয়া মাহফিলে তিনি এই বক্তব্য দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে নির্বাচনের আগে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম চালানো হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে কোনো মতেই মুসলমানদের অনুভূতিতে আঘাত করার সুযোগ নেই, কেউ আঘাত করলে তা প্রতিহত করা হবে। একইসঙ্গে তিনি জানান, এনসিপি কোনো হিন্দুত্ববাদী রাজনীতি কিংবা ধর্মীয় বিভাজনের পথ চায় না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তাহীনতার প্রশ্ন যাঁরা তুলছেন তাঁদের উদ্দেশ্যেই প্রশ্ন—স্বাধীন বাংলাদেশের নিরাপত্তার অন্তরায় কারা, এটি জনগণের সামনে স্পষ্ট হওয়া জরুরি।
খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনা এবং জাতীয় পার্টিকে দায়ী করে তিনি বলেন,
“শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না।”
বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন,
“গণতন্ত্রকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়, বেগম জিয়া সেটি দেখিয়ে দিয়েছেন। তাই জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে আদর্শ আপনারা উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের পথেই হাঁটতে হবে। ভারতের কোনো প্রেসক্রিপশন বা বহির্বিশ্বের কোনো প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন চলবে না।”
দলীয় অবস্থান ব্যাখ্যা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হলেও তারা এখনও সংস্কারের পথে হাঁটেনি। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল নয়, তারা বিপ্লবধর্মী দল হলেও অনেক ক্ষেত্রে ইতিবাচক কাজ করেছে।
তিনি জানান, এনসিপির লক্ষ্য গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা এবং একইসঙ্গে ভালো কাজের ধারাকে এগিয়ে নেওয়া। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাঁদের দল মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে, এবং যাঁদের বিরুদ্ধে দুর্নীতি–চাঁদাবাজির অভিযোগ আছে—তেমন একজনকেও এনসিপি মনোনয়ন দেবে না।