বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা জানান। তার এই পোস্টগুলো ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সোমবার এক সংক্ষিপ্ত পোস্টে কনকচাঁপা লেখেন, “ফি আমানিল্লাহ্! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।” তার এই আবেগঘন আহ্বানে অসংখ্য অনুসারী খালেদা জিয়ার সুস্থতার কামনায় মন্তব্য করেছেন।
এর আগের দীর্ঘ পোস্টে কনকচাঁপা তুলে ধরেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। তিনি বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর অল্প বয়সে বৈধব্য, বারবার গ্রেফতার, ‘মিথ্যা মামলায়’ কারাবাস, স্লো পয়জনিংয়ের আতঙ্ক—এসব কঠিন পরিস্থিতিতেও খালেদা জিয়া অবিচল থেকেছেন। তার ভাষায়, এসব পরীক্ষার মুখোমুখি হয়ে খালেদা জিয়া সবসময় সাহসী ও দৃঢ়চেতা ছিলেন।
কনকচাঁপা লেখেন, অসুস্থ সন্তানের কাছে যাওয়ার সুযোগ থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব থাকার পরও তা গ্রহণ না করা—এসব দৃশ্য তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তার মন্তব্যে উঠে আসে একটি আবেগময় লাইন—
“তিনি তো শুধু তার সন্তানের মা নন, সারা দেশজুড়েই কোটি কোটি সন্তান তার।”
খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের একটি শক্ত স্তম্ভ হিসেবে উল্লেখ করে কনকচাঁপা তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির একটি “সুন্দর বিজয়” দেখার তৌফিক চেয়ে দোয়া করেন।
বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তার গুরুতর শারীরিক অবস্থার কারণে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দোয়া করছেন—সেই ধারাবাহিকতায়ই কনকচাঁপার আবেগময় পোস্ট নতুন মাত্রা যোগ করেছে।