সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের নিহত মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগদান করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর তাঁর এই সিদ্ধান্তকে বিএনপি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে।
যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।” তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে বিএনপি যে লড়াই করছে, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি ইতিবাচক ভূমিকা রাখতে চান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমাদের দলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।” তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ঘোষিত ৩১ দফা ও রূপকল্প বাস্তবায়নে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রেজা কিবরিয়ার রাজনৈতিক অবস্থান ছিল আলোচনার কেন্দ্রে। তিনি এবারও হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। বিএনপি ইতোমধ্যে ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, তবে এই আসনটি ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয়েছে—যা তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
২০১৮ সালে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর তিনি গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলটি ভেঙে গেলে তিনি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানেও বিভাজন হলে তিনি আমজনতার দলের আহ্বায়ক হিসাবে কাজ করছিলেন।