সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকারকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
রোববার রাত ৮টার দিকে একটি প্রতিনিধি দল নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, “বেগম খালেদা জিয়া আপোষহীন একজন নেতা। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে ছিলেন অটল। ভারতীয় আধিপত্যবাদ ও রাজনৈতিক দমন–পীড়নের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। শেখ হাসিনার সঙ্গে কখনো আপোষ করেননি বলেই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন, আর ফিরেছেন হুইলচেয়ারে।”
তিনি আরও বলেন, “আপোষ করলে তাকে জেলে যেতে হতো না, আজকের মতো অসুস্থও হতে হতো না। তাঁর বর্তমান শারীরিক অবস্থার জন্য পুরোপুরি দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।”
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারে। “আমরা জেনেছি—তার পরিস্থিতি এখনো অপরিবর্তিত। তার জন্য দোয়া করছি এবং দেশবাসীর কাছেও দোয়া চাইছি,” বলেন তিনি।
ভবিষ্যত রাজনীতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, “আমার দৃঢ় বিশ্বাস—তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার বিচার ও পরিণতি দেখতে পারেন।”
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, এবং সৈয়দ মো. ইব্রাহিম রওনক প্রমুখ।