এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’ এবং এ মুহূর্তে রাজনৈতিক বিভাজন ভুলে সবারই তার জন্য দোয়া করা উচিত।
তার বক্তব্যে জারা উল্লেখ করেন, মাত্র এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সঙ্গে অল্প সময়ের জন্য সাক্ষাৎ হয়েছিল। সেই সংক্ষিপ্ত সাক্ষাতেই সাবেক প্রধানমন্ত্রী তাকে স্পষ্টভাবে বলেছিলেন—“দেশে থাকো, দেশের জন্য কাজ করো।” তাসনিম জারার ভাষায়, অসংখ্য মানুষই এমন উপদেশ দেন, কিন্তু বেগম জিয়ার মুখে এ কথার গভীরতা, ইতিহাস এবং সত্যতা সম্পূর্ণ ভিন্ন মাত্রার। কারণ তিনি নিজেই জীবনের সবচেয়ে কঠিন সময়েও দেশত্যাগ করেননি এবং দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
ডা. তাসনিম জারা বলেন, দীর্ঘদিন ধরে বেগম জিয়া অকল্পনীয় বেদনা, অপমান ও প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ও সহনশীলতার যে দৃষ্টান্ত তৈরি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। বছরের পর বছর তিনি অসুস্থতা ও রাজনৈতিক চাপে থাকলেও নিজের মূল্যবোধ ও বিশ্বাসের জায়গা থেকে সরেননি। এমন দৃঢ়তা ও দায়িত্ববোধই তাকে দেশের মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে।
পোস্টে তিনি আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, মহান রব যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন এবং এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দেন। তিনি আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় খালেদা জিয়ার সুস্থতা কেবল একটি ব্যক্তির নয়, বরং গণতন্ত্রের অগ্রযাত্রার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।