আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই বিরামহীনভাবে নির্বাচনি এলাকায় প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রচারের মাঠে প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা, মানুষের ভালোবাসা—সবকিছুই তিনি তুলে ধরছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তিনি শেয়ার করলেন টানা প্রচারণার ক্লান্তি, টিমের সদস্যদের পরিশ্রম এবং নিজের একমাত্র সন্তানের সান্নিধ্য না পাওয়ার ব্যথা।
বুধবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দেন হাদি। সেখানে তিনি লিখেছেন, টানা দুই সপ্তাহ ধরে ফজর থেকে এশা পর্যন্ত ঢাকা-৮ এর অলিগলি ঘুরে প্রচারণা চালাতে গিয়ে তাঁর এবং টিমের সদস্যদের পা ফুলে গেছে। প্রচারণা শেষে সবাই রাতে ফ্লোরিং করে পাশাপাশি শুয়ে পড়লেও ভোর পাঁচটায় আবার মসজিদমুখী হতে হয়।
পোস্টে তিনি জানান, তাঁর একমাত্র সন্তান ইদানীং ‘আধো আধো আব্বা’ বলতে শিখছে। কিন্তু প্রচারণার ব্যস্ততায় একটানা দুই-তিন দিনও সন্তানের মুখ দেখা হয় না। “সারাদিন একা একা আব্বা বলে ডাকে। তার মা ভিডিও পাঠায়।”—লেখেন তিনি। সন্তানকে কোলে নেওয়া বা একটু চুমু খাওয়ার সুযোগ না পাওয়ার কষ্ট তার ভাষায়, “মন খারাপ হয় খুব।”
তবে টিমের ভাইদের ক্লান্ত মুখ দেখলেই নিজের ব্যথা-দুঃখ ভুলে যান তিনি। তাদের সঙ্গে সম্পর্ককে তিনি তুলনা করেছেন বাবার ভালোবাসার সঙ্গে। হাদি লিখেছেন, “বাবা হওয়ার পর থেকে ভাইগুলোরে ঠিক নিজের বাচ্চা মনে হয়। আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য ওদের আপ্রাণ লড়াই দেখে আমার চোখ ভিজে যায়।”
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়ার উপদেশ থাকলেও তিনি লিখেছেন—রাজপথে মানুষের ভালোবাসা তাঁদের আর বিশ্রামের সুযোগ দিচ্ছে না। পোস্টের শেষপ্রান্তে নিজের সন্তানের প্রতি আকুল আবেগও প্রকাশ করেন তিনি। জানান, বাড়িতে ফিরলেও ছেলে ঘুমিয়ে থাকে; সকালে বেরিয়ে গেলে শিশুটি জানতেও পারে না যে বাবা তাকে দেখতে এসেছিল।
শেষে হাদি লেখেন, তাঁর প্রচারণা টিমের সদস্যরা রাত জেগেও ভ্যান র্যালি – প্রস্তুতি নিচ্ছেন। তাদের উদ্দেশে তিনি দোয়া করে বলেন—“পাগল এই প্রাণগুলোরে হাশরের দিনে খুব খুশি করে দিও খোদা।” র্যালি