বিএনপিকে ঘিরে নানা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ এ দলকেই ভোট দিতে পারে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে।” তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সভায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, মিডিয়ার স্বাধীনতা এবং আগামী নির্বাচনের সম্ভাব্য চিত্র নিয়ে নানা আলোচনা হয়।
মান্না বলেন, সাংবাদিকেরা শুধু নজরদারি ভূমিকা নয়, অনেক ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকাও পালন করতে পারেন। তিনি মনে করিয়ে দেন যে, সাংবাদিকদের সমস্যাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নয়, বরং আগামী সরকার—যেই হোক—তাদের সঙ্গেই জোরালোভাবে তুলতে হবে। তার মতে, গণমাধ্যমকেই ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশকে আরও স্বচ্ছ ও দায়িত্বশীল করতে ভূমিকা রাখতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
বিজেসির নির্বাহী মিলটন আনোয়ার সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ট্রাস্টি তালাত মামুন ও ফাহিম আহমেদ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বিবিসি মিডিয়া অ্যাকশন।
মান্নার বক্তব্য অনুযায়ী, আগামী নির্বাচনে রাজনৈতিক সমীকরণ যেমনই হোক, বিএনপি এখনও একটি প্রধান ভোটব্যাংক ধরে রাখছে—এটাই তার পর্যবেক্ষণ।