জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থন পেলে এবং দল ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ গড়ে তুলতে তাদের হাতে থাকা পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
ফেসবুক বার্তায় তিনি লিখেছেন,
বাংলাদেশকে সম্ভাবনাময়, মানবিক ও কল্যাণসম সমাজ হিসেবে গড়ে তুলতে নারীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি সম্প্রতি “উদ্ভাসিত নারী” শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নেন।
সেখানে নারীদের স্বপ্ন, পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানতে পেরেছেন বলে জানান তিনি। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও আরও স্পষ্ট করার সুযোগ হয়েছে বলেও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন,
আল্লাহর ইচ্ছে ও জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় বিস্তারিত নীতিমালা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
তিনি অনুষ্ঠানের আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এমন আরও অর্থবহ আলোচনার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন।