সিলেট জেলা যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা চলছিল। ঠিক সেই সময় হঠাৎ ফোন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফোনে তিনি সরাসরি সিলেটের নির্বাচনি পরিস্থিতি, যুবদলের মাঠপর্যায়ের কার্যক্রম এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সংগঠনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। সিলেটের রাজনীতিতে এই ফোন কল এখন আলোচনার কেন্দ্রে।
রোববার রাতে দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তারেক রহমান যুবদল নেতাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। তিনি যুবদলকে ঐক্যবদ্ধ, সংগঠিত ও মাঠকেন্দ্রিক রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। কেউ বিপরীত অবস্থান নিলে দল তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় সিলেট জেলার ১৩টি উপজেলা ও ৬টি পৌর যুবদল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ের প্রস্তুতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং নির্বাচনি কৌশল নিয়ে মতামত তুলে ধরেন।
ফোন কলের সত্যতা নিশ্চিত করে জেলা যুবদল সভাপতি মোমিনুল ইসলাম মোমিন বলেন, “তারেক রহমান সিলেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে দেখছেন। তিনি ছয়টি আসনেই বিজয়ের স্পষ্ট নির্দেশ দিয়েছেন।”
নেতারা মনে করছেন, তারেক রহমানের সরাসরি নির্দেশনা যুবদলের তৃণমুল পর্যায়ে বড় উদ্দীপনা তৈরি করবে এবং সিলেট অঞ্চলে বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি আনবে।