বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর অবস্থান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে যেভাবে অপমান করা হয়েছে, আমি মনে করি সেটা আমাকে অপমান করা হয়েছে। এটি পুরো বাংলাদেশকেই অপমান করার শামিল।”
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এ বক্তব্য দেন। মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের প্রতি অসম্মান কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু মুক্তিযোদ্ধাদের অপমান কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনের পটভূমি তৈরি হয় সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে মুঠোফোনে অপমানজনক ভাষায় গালাগাল করতে শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন।
মানববন্ধনে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান এবং টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আবু তালেব মিয়াসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা আযম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
এদিকে, অ্যাডভোকেট আহমেদ আযম খান দাবি করেছেন, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (AI) ব্যবহার করে বানানো হয়েছে এবং তাকে হেয় করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। এ বিষয়ে তিনি শিগগিরই আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
বাংলাদেশের স্বাধীনতার প্রতীক বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, “এই দেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করার অধিকার কারও নেই।”