বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৬টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে রওনা হবেন।
চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, এটি পূর্বনির্ধারিত একটি ফলোআপ ভিজিট। তিনি বলেন, “খালেদা জিয়ার কিছু নিয়মিত স্বাস্থ্য জটিলতা রয়েছে। সেই জটিলতাগুলোর ফলোআপ পরীক্ষার জন্যই আজ তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। হঠাৎ কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।”
দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি–সংক্রান্ত সমস্যা, ডায়াবেটিস, হৃদরোগসহ একাধিক জটিল অসুস্থতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। কয়েক দফা তাকে গুরুতর অবস্থায় আইসিইউতেও ভর্তি করতে হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বয়স, লিভারের অবস্থা এবং অতীত জটিলতাগুলোর কারণে নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি।
দলীয় নেতারা বলছেন, আজকের হাসপাতাল যাত্রা সম্পূর্ণ চিকিৎসাগত প্রয়োজনীয়তার অংশ। হাসপাতালে পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করবেন। প্রয়োজন হলে তাঁকে পর্যবেক্ষণে রাখা হতে পারে বলেও জানা গেছে।
এদিকে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। অনেকে তাঁর সুস্থতা কামনায় দোয়া করার কথা জানিয়েছেন।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। দলের পক্ষ থেকেও বলা হয়েছে—পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা শেষেই তাঁকে বাসায় ফিরিয়ে আনা হবে।