বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী ভাতা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “ইমাম–মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের ধর্মীয় নেতারা সমাজের নৈতিক মেরুদণ্ড। বিএনপি ক্ষমতায় এলে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
ধর্মীয় বিভাজন সৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু গোষ্ঠী হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ তৈরি করেছে, যা সমাজে অস্থিতিশীলতা ছড়াতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভিন্নমত যেন কোনোভাবেই ফেতনার কারণ না হয়—এ বিষয়ে আলেম–ওলামাদের সতর্ক থাকতে হবে।
ভার্চুয়াল ভাষণে তারেক রহমান আরও বলেন, “বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহারের অপচেষ্টায় বিএনপি কখনোই সায় দেয়নি।”
তিনি দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। একটি ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়তে আলেম–ওলামাদের সমর্থনও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সভায় উপস্থিত ইমাম ও খতিবরা দেশের ধর্মীয় শিক্ষার উন্নয়ন, মসজিদের খেদমত নিশ্চিত করা এবং ধর্মীয় নেতাদের সার্বিক কল্যাণে নীতিগত সহায়তা চান। সম্মেলনে অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, ধর্মীয় নেতাদের সামাজিক ভূমিকা আরও শক্তিশালী করতে নীতি–সহায়তা নিশ্চিত করবে ভবিষ্যৎ সরকার।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক ইমাম, খতিব ও ধর্মীয় স্কলার উপস্থিত ছিলেন।