জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের সহযোগী কোনো দলকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এ ব্যাপারে আমরা কোনো আপস করব না।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে’ আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়কে আমরা শুরুতেই স্বাগত জানিয়েছি। তবে তা দ্রুত কার্যকর করতে হবে। এতে মানুষ ইনসাফ পাবে। আমরা মনে করি এই রায় কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়; বরং জনগণের ন্যায়বিচার। এ বিষয়ে কোনো ধরনের আপস চলবে না।
এনসিপির আহ্বায়ক বলেন, ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা আশা করবো, তাকে ফেরত দিয়ে দেশটি বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়বে। আমরা চাই ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের মৈত্রী অব্যাহত থাকুক।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনূভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।