সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে দেশব্যাপী শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি সমাজকে ধ্বংস করছে উল্লেখ করে তিনি বলেন—মাদক কারবারি ও জুয়াড়িদের প্রশ্রয় দেওয়া যাবে না। প্রয়োজন হলে যারা তদবির করতে আসবে, তাদেরকেও ধরে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
শনিবার (২২ নভেম্বর) মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন লুৎফুজ্জামান বাবর। তিন দিনের সফরের শেষ দিনে তিনি পুকুরিয়া ও আশপাশের বিভিন্ন স্কুল মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
বাবর বলেন, “মাদক সব অপরাধের জন্ম দেয়। একটি পরিবারকে কিভাবে মাদক ধ্বংস করে দেয় তা আমরা চোখের সামনে বারবার দেখেছি। সন্তান বাবা-মাকে নির্যাতন করে, পরিবারে অশান্তি ছড়িয়ে পড়ে—তাই মাদকের বিষয়ে কোনো আপস নয়।”
রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, মিথ্যা মামলায় তাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবরণ করতে হয়েছে। তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেও “হাসিনার শখ মেটেনি” বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, “আর এক বছর জেলে থাকলে হয়তো ফাঁসিতে ঝুলিয়ে দিত। কিন্তু আল্লাহ যার রক্ষক, তাকে কেউ ধ্বংস করতে পারে না।”
বিএনপির নীতির প্রতি অঙ্গীকার জানিয়ে বাবর বলেন, তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে মানুষের আস্থা পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন—নির্বাচিত হলে তার মূল লক্ষ্য হবে পুরো নির্বাচনী এলাকা বেকারমুক্ত করা এবং যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
পথসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।