বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বহুতল ভবন নির্মাণে অবশ্যই বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এর যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে সচেতন করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শুক্রবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্পে হতাহতদের উল্লেখ করে জামায়াত আমির বলেন, “আমি নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবরে জামিল দান করুন।”
তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমি আশা করি, জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে পারবেন, ইনশাআল্লাহ।”