“আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চাই। অতীতে কে কী করেছে, তা আমার ভাবার বিষয় নয়। আমি উন্নয়নের রাজনীতি করতে চাই, আমার রাজনীতি হচ্ছে এলাকার মানুষের উন্নয়ন নিশ্চিত করা”—এমন মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সমাজ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, “সবাইকে স্বাবলম্বী হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। কারিগরি দক্ষতা অর্জন জরুরি। প্রচুর পরিশ্রম করলে তবেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমার নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর পরিবার বহু নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। তবুও তাঁরা আপস করেননি। দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”
সমাবেশে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।