জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি যদি ঘোষণা দেয় যে নির্বাচনে জিতলে দেশে কোরআনের আইন চালু করা হবে, তাহলে জামায়াত আগামীকাল থেকেই বিএনপির সঙ্গে দাঁড়াতে প্রস্তুত। তার দাবি, ইসলামি শরিয়াহ প্রতিষ্ঠার অঙ্গীকার ছাড়া এই দেশে ন্যায়, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) খুলনার ফুলতলা উপজেলার আটরা–গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, জামায়াত কখনোই জান্নাতের টিকিট বিক্রি করে না। এটি ‘ডাহা মিথ্যা’। তবে মানুষকে সঠিক পথ দেখানো এবং আল্লাহ ও তাঁর রাসুল (স.) যে ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা শিখিয়ে গেছেন, সেটিই প্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক লক্ষ্য।
তিনি আরও বলেন, ইসলামি আইন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস বা দখলদারিত্ব থাকবে না। সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকারের নিশ্চয়তা পাবে। তার ভাষায়, “ইসলামই একমাত্র ব্যবস্থা যেখানে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।”
নারীদের ভূমিকা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ইসলামের ইতিহাসেই রয়েছে নারীদের ত্যাগ ও সংগ্রামের উজ্জ্বল উদাহরণ। মহিলা সাহাবী হজরত সুমাইয়া (রা.) প্রথম শহীদ হওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ন্যায় ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী অনুশাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী শক্তিগুলোর ঐক্য আরও জোরদার করা প্রয়োজন।