তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ‘জাতির ঈদের দিন’ আখ্যা দিয়েছেন বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার দাবি, এই রায়ের ফলে শুধু বিএনপি নয়, গোটা দেশের মানুষই ভোটাধিকার ফিরে পাওয়ার আনন্দে উৎফুল্ল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ৫৮(১) ও ৫৮(২) অনুচ্ছেদ পুনর্বহাল ঘোষণা করলে কার্যত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার দেশে চালু হলো। আদালতের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি ‘প্রসপেক্টিভ’, অর্থাৎ ভবিষ্যৎ নির্বাচনগুলো এই ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, বিএনপি শুরু থেকেই আদালতের কাছে অনুরোধ জানিয়ে আসছিল যে রায়টি যেন ভবিষ্যৎমুখী ঘোষণা করা হয়। আদালত সেই যুক্তি গ্রহণ করেছে। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো—তত্ত্বাবধায়ক বাতিল করে দেশকে ভয়াবহ ক্ষতি করা হয়েছিল। আজকের রায় সেই অন্যায়ের বিচার।”
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক বাতিল করার সিদ্ধান্ত ছিল জনমতের বিরুদ্ধে, এবং সেটিই আজ আইনের আদালতে পরাজিত হলো। “শেখ হাসিনা শুধু দেশ থেকে পালাননি, তিনি যে ব্যবস্থা বাতিল করেছিলেন—সেটাই আইনের কাছে আজ পরাজিত হলো”—বলেছেন জয়নুল আবেদীন।
রায়ের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই রায় গণতন্ত্রকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনার বড় সুযোগ সৃষ্টি করেছে। বহু বছর ধরে জনগণ নির্ভেজাল ভোট দিতে পারেনি; এবার সেই পথ আবার উন্মুক্ত হলো।
বিএনপির এই জ্যেষ্ঠ আইনজীবী রায়কে ‘ঐতিহাসিক বিজয়’ অভিহিত করে বলেন, “এটা শুধু বিএনপির জয় নয়—গণতন্ত্রের জয়, ভোটাধিকারের জয়, এবং পুরো জাতির জয়।”
তার মতে, এই রায় ভবিষ্যতের রাজনীতিকে নতুনভাবে পুনর্গঠন করবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে।