আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট হাইজ্যাকের আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন—মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করতে চাইছেন। তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—আমরা যুবক হয়ে বিস্ফোরিত হবো ইনশাল্লাহ।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “তোমাদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক—এটা কখনো বরদাস্ত করা হবে না। তোমরা তোমাদের ভোট নিজ হাতে দেবে। আমরা তোমাদের পাশে থেকে শক্তি ও সাহস দেব। এমনভাবে প্রস্তুত থাকতে হবে যেন কোনো ডাকাত তোমাদের বুকের সামনে হাত বাড়ানোরও সাহস না পায়।”
তিনি বলেন, তরুণরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা যেকোনোভাবে প্রতিহত করা হবে। “তোমরা যাকে পছন্দ তাকে ভোট দেবে। আমাকে দেবে কি দেবে না, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমাদের ভোটাধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাবো, ইনশাল্লাহ।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। “এই দেশের মানুষ শান্তি চায়, তাদের অধিকার চায়, তাদের ভবিষ্যৎ চায়। সুতরাং যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের প্রতিহত করা হবে।”
প্রীতি সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।