বিগত দিনে শুধু মাঠে–ময়দানে বক্তৃতা দিয়ে বাস্তবে কোনো পরিবর্তন না আনার যে রাজনৈতিক সংস্কৃতি চালু ছিল, তা এখন আর জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি বলেন, “৫০ বছর ধরে আমরা যে ধরনের রাজনীতি দেখেছি, আগামী দিনে সেই রাজনীতি আর মেনে নেওয়া হবে না। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করতে হবে।”
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নিজেই।
তিনি বলেন, “প্র্যাকটিক্যাল, বাস্তববাদী রাজনীতি ছাড়া এখন সামনে এগোনো সম্ভব নয়। শুধু বক্তৃতা, স্লোগান, শোডাউন—এসব দিয়ে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না। অতীতের সেই পদ্ধতি এখন আর কাজে লাগবে না।”
দেশকে একটি শক্তিশালী অর্থনীতি ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে উল্লেখ করেন তিনি। “যদি সত্যিই দেশকে ভালোবাসেন, মানুষের উন্নতি চান—তাহলে মাঠে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, কাজ করতে হবে,” বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের সংবিধান পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য ৩১ দফাই হচ্ছে বিএনপির মূল ম্যানিফেস্টো। এগুলো বাস্তবায়নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বড় ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা জাতিকে ভিন্নভাবে দেখেন, দেশকে ভিন্নভাবে ভালোবাসেন। তাই নতুন প্রজন্মকে নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।