ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করছে। কোনো শিক্ষার্থীকে যেন ভুল পথে না যায়—তা নিশ্চিত করতেই সংগঠনটি সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে। মঙ্গলবার ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির শিক্ষার্থীদের মধ্যে লুকায়িত মেধাকে বিকশিত করে তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে প্রাণপণ চেষ্টা করছে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই মেধা ও নৈতিকতাকে প্রাধান্য দিয়ে শিবির দেশের প্রথম ও প্রধান ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হলেও এর কোনো প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়েনি। “জুলাই বিপ্লব প্রমাণ করেছে—শিবির সম্পর্কে যে অপপ্রচার হয়েছে তা ভিত্তিহীন। ডাকসু, জাকসু, রাকসু এবং চকসুর নির্বাচনে শিক্ষার্থীরা তার জবাব দিয়েছে,” বলেন তিনি। ভবিষ্যতেও শিক্ষার্থীরা ইসলামি আদর্শে ঐক্যবদ্ধ থাকলে এসব অপপ্রচার ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা ইসলামের সুমহান আদর্শ আপনাদের সামনে তুলে ধরছি। এটি পালন করবেন কি না—তা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”
ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন নাবিলের সভাপতিত্বে এবং শহর শাখার প্রকাশনা সম্পাদক আবদুল গণির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।