ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন যে ছাত্রলীগ বহু বছর ধরে ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদী ও সহিংস রাজনীতি চালিয়ে ছাত্ররাজনীতিকে ভয়াবহভাবে কলুষিত করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রলীগ গণহত্যাকারী সংগঠন। তারা ক্যাম্পাসে যে ফ্যাসিবাদী রাজনীতি করেছে তার দায় ছাত্রলীগ কখনোই এড়াতে পারে না।” তিনি দাবি করেন, গত কয়েক বছরে ছাত্ররাজনীতির সব নেতিবাচক চিত্র—সহিংসতা, দখলদারিত্ব, ভয়ভীতি ও দমন-পীড়নের মূল উৎস ছিল ছাত্রলীগ।
শিবির সভাপতি বলেন, গণহত্যার রায় দ্রুত দেওয়ার দাবিতে সারাদেশে গণমিছিল, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ধীরগতির হলেও অবশেষে রায় ঘোষণা হয়েছে। তবে তিনি মনে করেন, এই রায় যথেষ্ট নয়—দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করতে হবে।
তার মন্তব্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ভারতে পলাতক রয়েছেন, তাই সরকারকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা উচিত।
এছাড়া তিনি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের সাজাকে ‘ন্যায়বিচারের ঘাটতি’ বলে আখ্যা দেন। তার ভাষায়, “মামুন যে অপরাধ করেছেন, তার তুলনায় পাঁচ বছরের সাজা খুবই কম। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আপিল–রিভিউয়ের মাধ্যমে তিনি অবশ্যই সর্বোচ্চ শাস্তির আওতায় আসবেন বলে আশা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজ ছাত্রশিবির শাখার সভাপতি ইমরান হোসেন। উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন এবং ভোলা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নবীনবরণে অংশ নেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।