মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের সাজা ঘোষণাকে ‘ন্যায়বিচারের পরিপূর্ণতা নয়’ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তার দাবি, মামুনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি এমন ছিল যে সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশিত ছিল। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোলা জেলা পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘোষিত পাঁচ বছরের সাজা ন্যায়বিচারের পূর্ণতা নয়। আমরা তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছি। এ রায় নিয়ে আপিল হবে, রিভিউ হবে—আমরা আশাবাদী তাকে সর্বোচ্চ সাজার আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সারাদেশে গণমিছিল, বিক্ষোভ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত রায় ঘোষণার দাবি জানানো হয়েছিল। ধীরগতির হলেও সেই রায় অবশেষে এসেছে। তবে তিনি মনে করেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে রায় দ্রুত কার্যকর করা।
তার ভাষায়, “তিনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছেন, বাংলাদেশ সরকার কূটনৈতিক পথ ও ইন্টারপোলের সহযোগিতায় তাকে ফেরত আনবে—এটাই আমাদের প্রত্যাশা।”
ছাত্রশিবির সভাপতি অভিযোগ করেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও গণহত্যাকারী সংগঠন, যার কারণে দেশের ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদী ও সহিংস রাজনীতি বিস্তার লাভ করেছে। তিনি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং “জুলাই-আগস্টের কাঙ্ক্ষিত বাংলাদেশ” গঠনে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ—পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সোহেল, স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ অন্যান্য নেতারা।