রংপুর–২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আল্লাহর পক্ষ থেকে ন্যায়বিচারের প্রতিফলন। তিনি দাবি করেন—একসময় বিনা অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ষড়যন্ত্র হয়েছিল, আর আজ তারই বিরুদ্ধে ঘোষিত রায় দেশে প্রকৃত ন্যায়বিচারের বিজয়কে সামনে এনেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পথসভাটিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তৃতার শুরুতেই তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং বলেন—“দেশের মানুষ যখন ন্যায় ও নীতির পক্ষে দাঁড়ায়, তখন কোনো শক্তিই সেই অগ্রযাত্রাকে থামাতে পারে না।”
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসই তার রাজনীতির মূল শক্তি। তিনি দাবি করেন যে বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জনগণ সবসময় সত্যের পাশে থেকেছে, আর আল্লাহর ন্যায়বিচারই শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে।
পথসভায় তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেনও বক্তব্য রাখেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী অবস্থান নিয়ে মাঠে রয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আস্থা যাদের প্রতি বাড়ছে, তাদের দায়িত্বও বাড়ছে দেশকে সঠিক পথে পরিচালনা করার।
পথসভায় বক্তারা সবাই আহ্বান জানান—আসন্ন নির্বাচনে ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।