দেশের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক উত্তাপ ও দীর্ঘ অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশবাসীর প্রতি ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। দেশের সামগ্রিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ন্যায়বিচার, সত্য প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করা সবচেয়ে বড় প্রয়োজন। তিনি বলেন, একটি দেশ তখনই সত্যিকারভাবে অগ্রসর হয়, যখন সেখানে নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি, স্বচ্ছতা এবং জনগণের মতামতের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করা হয়।
তিনি উল্লেখ করেন, ব্যক্তিনির্ভর রাজনীতির চর্চা থেকে বের হয়ে নীতিনির্ভর রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা গড়ে তোলাই সময়ের দাবি। এ জন্য প্রয়োজন শান্তিপূর্ণ, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা।
জামায়াত আমির আরও বলেন, “আমাদের সংগ্রাম কারও ব্যক্তিগত বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।” তিনি জোর দিয়ে বলেন, একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে সকল নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের সুযোগ নিশ্চিত করতে হবে।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “এ সময় আবেগ নয়, প্রয়োজন ধৈর্য। প্রয়োজন সতর্কতা। সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য।” তার মতে, শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করাই জাতীয় পুনর্গঠনের মূল ভিত্তি হতে পারে।
শেষে তিনি আল্লাহর প্রতি দোয়া করে বলেন, “আল্লাহ আমাদের দেশকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করুন। সংকট অতিক্রম করে জাতি যেন শান্তির পথে ফিরে আসতে পারে।”