জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর না করলে আজকের এই রায়ের কোনো মূল্যই থাকবে না।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মীর স্নিগ্ধ বলেন, “আজকের রায়ে আমরা শহীদ পরিবারগুলো কিছুটা স্বস্তি পেলেও, খুনি শেখ হাসিনা ও খুনি আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর না করলে ন্যায়বিচার সম্পূর্ণ হবে না। রায় পড়ে শোনানো আর রায় বাস্তবায়ন—এই দুটো ভিন্ন বিষয়। দেশবাসী বাস্তবায়ন দেখতে চায়।”
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা ইতোমধ্যেই এই রায় নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াতে শুরু করেছে। ফাঁসি কার্যকর না হলে এই প্রোপাগান্ডা আরও বেড়ে যাবে। “ফ্যাসিস্ট শক্তিকে থামাতে হলে তাদের দেশে এনে আইনের হাতে তুলে দিতে হবে।”
ভারতের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে মীর স্নিগ্ধ বলেন, “একজন খুনি-ফ্যাসিস্টকে নিজেদের কাছে আশ্রয় দিয়ে কোনো দেশ সম্মান পায় না। ভারতের প্রতি অনুরোধ—তাদের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দিন। দেশের মানুষই তার ভাগ্য নির্ধারণ করবে।”
তিনি আরও জানান, শহীদ পরিবারগুলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের মাত্র পাঁচ বছরের সাজায় সন্তুষ্ট নয়। যদিও তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন, তারপরও তার অপরাধের মাত্রা বিবেচনায় সাজা আরও কঠোর হওয়া উচিত ছিল।
তিনি বলেন, “যদি উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে, আমরা অবশ্যই আপিল করব। একজন আইজিপি রাষ্ট্রীয় হত্যাকাণ্ডে জড়িত থাকলে তাকে পাঁচ বছর দিয়ে ছেড়ে দিলে ভুল বার্তা যাবে।”
মীর স্নিগ্ধ বলেন, শহীদ পরিবারের চাওয়া মাত্র একটাই—ফাঁসি কার্যকর। “খুনি হাসিনাকে দেশে না আনলে রায়ের কোনো মূল্য নেই। বাস্তবায়নই ন্যায়বিচার।”