আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা হবে “অবন্ধুসুলভ আচরণ” এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি—দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে যেন অনতিবিলম্বে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্য “অবশ্য পালনীয় দায়িত্ব।”
এর আগে আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি এবং অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসি ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
চৌধুরী আবদুল্লাহ আল–মামুন আদালতে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়।