জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দুই পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। স্বাধীনতার স্বপ্ন মানুষের হৃদয়ে বপন করেছিলেন তিনিই। স্বাধীনতা যুদ্ধ শুরুর প্রাক্কালে নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানে আশ্রয় নেননি—এটাই ভাসানীর প্রকৃত নেতৃত্বের পরিচয়। তার দাবি, “মুজিব নয়, ভাসানীই ছিলেন স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা।”
সোমবার সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে মওলানা ভাসানীর ৪৯তম ওফাত দিবস উপলক্ষে ‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাংলার ভাসানী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন,
“ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভাসানীর যে অটল অবস্থান ছিল, সেটাই ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণা দিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে ভাসানীর রাজনৈতিক আদর্শকে সামনে রাখতে হবে। এক ফ্যাসিস্টের পতনের পর আরেক ফ্যাসিস্টের উত্থান মেনে নেওয়া যাবে না।”
তিনি আরও বলেন,
“চাঁদাবাজি, দখলদারি আর ভারতের আনুগত্যের রাজনীতি যারা আবার প্রতিষ্ঠা করতে চায়, তাদের আগামী জাতীয় নির্বাচনে শক্তভাবে প্রতিহত করতে হবে।”
জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল।