জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন—শেখ হাসিনার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অভিযোগের বিচার যে মাত্রার, সেই তুলনায় তাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর স্নিগ্ধ বলেন, ৫ আগস্টেই জনগণ শেখ হাসিনার ‘অন্যায় ও অপরাধের’ বিরুদ্ধে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। “আদালতের রায়ের অপেক্ষা শুধুই আনুষ্ঠানিকতা। শেখ হাসিনা যে পরিমাণ গুম–খুন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত—তার বিচারের পরিণতি হিসেবে হাজারবার ফাঁসি হলেও তা যথেষ্ট নয়,” মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে নিখোঁজ, খুন, নির্যাতন এবং রাজনৈতিক দমন–পীড়নের শিকার অসংখ্য পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। “প্রতিটি পরিবার রক্তঝড়া চোখে বিচার চেয়েছে। আজ সেই বিচার বাস্তবায়নের দ্বারপ্রান্তে। আমাদের একটাই দাবি—শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি কার্যকর হোক,” যোগ করেন স্নিগ্ধ।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রত্যাশা অপূর্ণ হওয়ার কোনো কারণ নেই। “৫ আগস্ট ইতোমধ্যেই জনগণ বিচারকে ত্বরান্বিত করেছে। আদালতের রায় সেই জনরায়েরই প্রতিফলন হবে,” দাবি করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়কে ঘিরে সেখানে ভিড় করছেন নিহতদের পরিবার, স্বজন ও সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিচার বিশ্ববাসীর নজর কাড়বে এবং দীর্ঘদিনের বেদনা ও প্রতীক্ষার অবসান ঘটাবে।
আগামীকালের রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে সতর্কতা জারি রয়েছে। বিশ্লেষকদের মতে, এই রায় বাংলাদেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করবে।