ক্ষমতা দখলের রাজনীতি নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো ও তাদের অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দুদু বলেন, “আসুন, আমরা ক্ষমতা পাওয়ার চিন্তা নয়—মানুষকে দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাটাই সামনে রাখি। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে মাওলানা ভাসানীর পথই আমাদের জন্য দিকনির্দেশনা।”
তার মতে, দেশের ইতিহাসে মাওলানা ভাসানী ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান নিয়েছেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ব্রিটিশ আমল থেকে পাকিস্তান যুগ এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে ভাসানী ছিলেন বাংলাদেশের শোষিত মানুষের শক্তিশালী কণ্ঠস্বর। সমালোচকরাও স্বীকার করেন—মাওলানা ভাসানী ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা নেতা।
দুদু আরও বলেন, “মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা।” তিনি উল্লেখ করেন, মাওলানা ভাসানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আশীর্বাদ ও দোয়া করেছিলেন, আর জিয়াউর রহমান সেই গণমানুষের রাজনীতিকেই অনুসরণ করেছিলেন। তারেক রহমান ও বেগম খালেদা জিয়াও সেই আদর্শ বহন করছেন বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম এবং ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি।
সভায় বক্তারা মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন, গণমানুষের প্রতি তার অঙ্গীকার ও গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন।