নির্বাচন ও গণভোট ঘিরে সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের তিন উপদেষ্টা এমন ভূমিকা রাখছেন, যা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে।
তাদের ‘মিসগাইডিং’ আচরণের কারণেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরওয়ার।
তিনি জানান, আট দলীয় জোট মনে করে—যে পরিবেশে দলীয় প্রভাব ও প্রশাসনিক পক্ষপাতিত্বর প্রভাব রয়ে গেছে, সেখানে কোনোভাবেই সমান সুযোগ সৃষ্টি হচ্ছে না। “সব কথা ফরমালি বলা যায় না। সময় হলে তিন বিতর্কিত উপদেষ্টার নামও জানাবো। আমাদের কাছে সব তথ্য–প্রমাণ আছে”—এ মন্তব্য করে তিনি সরকারের প্রতি সতর্কতা উচ্চারণ করেন।
পরওয়ার আরও বলেন, প্রশাসনের বহু স্থানে এখনো আগের প্রভাবশালী শক্তির ছায়া রয়ে গেছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাব যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। ফলে জনগণের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, যার দায়ও সরকারকেই নিতে হবে।
তিনি দাবি করেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত আট দলীয় জোটের কর্মসূচি রাজপথে চলবে। “নির্বাচন সুষ্ঠু করতে চাই বলেই আমরা মাঠে আছি”—বলেন পরওয়ার।
জামায়াতের এই নেতা জানান, তাদের তিনটি প্রধান দাবি এখনো অপূর্ণ—লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অভাব, ফ্যাসিবাদের দোষীদের বিচার না হওয়া এবং প্রশাসনে দলীয় পক্ষপাতিত্বের অবসান না হওয়া। এসব ইস্যুতে আট দলের স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও মৌলিক সংস্কারের পক্ষে জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরতে হবে। প্রচারপত্র, গণমাধ্যম ও ওপেন কমিউনিকেশনের মাধ্যমে সরকার–ইসিকে বুঝিয়ে বলতে হবে—এই সংস্কারগুলো কেন জরুরি; না হলে বড় অংশ বিষয়টি অনুধাবন করতে পারবে না।