বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভোট চাইতে গিয়ে কোনোভাবেই সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া যাবে না। তিনি বলেন, দেশের প্রতিটি ভোটারই সম্মানিত নাগরিক; তাই বিএনপি নেতাকর্মীদের উচিত হবে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের প্রতীকে বিনয়ের সঙ্গে ভোট চাওয়া—যাতে ভোটাররা মনে করেন, তারা যোগ্য স্থানে ভোট দিয়ে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সভাপতিত্ব করেন।
ডা. জাহিদ বলেন, দিনাজপুরের মানুষ যদি এবারের নির্বাচনে খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে বিএনপি সেই ভোটের ঋণ শোধ করবে—এই বার্তাটি নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি দায়িত্ব বণ্টন করে বলেন,
শ্রমিকদলের নেতা শ্রমিকদের কাছে, ছাত্রদলের নেতা নতুন প্রজন্মের কাছে, যুবদলের নেতা যুবকদের কাছে এবং মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সম্প্রদায়ের কাছে ভোট চাইবেন। আর মহিলা দলের নেত্রীরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা বেশি, তাই নতুন প্রজন্মকে নিশ্চিত করতে হবে যাতে তারা সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষকে বিজয়ী করেন।
তারেক রহমানের রাজনৈতিক আহ্বানে দেশের মানুষ ইতোমধ্যে সাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি; দিনের ভোট রাতে হয়েছে।
এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন। তবে একটি মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে—আমরা চাই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হোক।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে আওয়ামী লীগ ১৭৪ দিন হরতাল ডেকেছে, গান পাউডার হামলায় মানুষ নিহত হয়েছে। সম্প্রতি লকডাউন ঘোষণার সময়ও আগুন দিয়ে গাড়ি পুড়িয়েছে এবং মানুষ হত্যা করেছে। “আমরা আর সেই দিনগুলোতে ফিরতে চাই না; আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা হোক,”—বলেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, সহ-সভাপতি নাজমা মুশির এবং মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি।
সভায় জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।