কোনো রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি বা কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রেসক্লাবের কেন্দ্রীয় ও জেলা কমিটি গঠনের ক্ষেত্রে এ নিয়ম বাধ্যতামূলকভাবে মানা উচিত। রাজনৈতিক পরিচয়ধারী কেউ সাংবাদিক সংগঠন পরিচালনায় থাকলে তা সঠিক উদাহরণ সৃষ্টি করবে না।
তিনি আরও লিখেন, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বা তোষামোদ প্রবণ ব্যক্তিরা সাংবাদিকতার মান নষ্ট করেন। এতে পেশাদার সাংবাদিকদের সম্মান কমে যায় এবং অপসংবাদিকতার নজির তৈরি হয়।
সারজিস আলমের ভাষ্য, যারা নিজেকে সাংবাদিক পরিচয়ের আগে নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা প্রকৃত সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে পারেন না। সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষায় প্রেসক্লাব নেতৃত্ব অবশ্যই অরাজনৈতিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।